নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা:
নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও জিরা জব্দ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ভোরে নেত্রকোনা পৌর শহরের কুরপাড় এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের উদ্দেশ্যে আনা এসব পণ্যসহ দুই ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলামের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে একটি চৌকস টিম ভোর সাড়ে ৬টার দিকে কুরপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় ১,৭৬০ কেজি ভারতীয় ফুচকা এবং ৭৮০ কেজি জিরা জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্তপথ দিয়ে দেশে আনা হয়েছিল।
অভিযানে আটককৃতরা হলেন— ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের তীতখলা কারীবাড়ী গ্রামের রিপন মিয়া (২৫) এবং নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম মেদনী গ্রামের জসিম উদ্দিন (৩৫)।
এ বিষয়ে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, “সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ পথে আসা এসব পণ্যের গন্তব্য ছিল স্থানীয় বাজার। এ ঘটনায় এসআই আব্দুল জলিল বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।”
তিনি আরও জানান, মামলা দায়েরের পর আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।



