দৈনিক সংলাপ প্রতিবেদন
ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০২৩ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফল এখন নতুন করে মূল্যায়ন করা হবে। তবে এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা ইতিমধ্যে নিয়োগ পেয়ে কর্মস্থলে যোগ দিয়েছেন, তাদের চাকরি বহাল থাকবে বলে আদালতের রায়ে স্পষ্ট করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই ঐতিহাসিক রায় প্রদান করেন। একইসঙ্গে, রিটকারী ১৫১ জন চাকরিপ্রার্থীকে আগামী ৬০ দিনের মধ্যে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত ও মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেই সার্কুলার অনুযায়ী, তৎকালীন বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে প্রায় ৮৪ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করা হয়।
মেধাকে উপেক্ষা করে বিপুল সংখ্যক কোটাভিত্তিক এই নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ১৫১ জন চাকরিপ্রার্থী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। রিটকারীদের পক্ষে আদালতে যুক্তি দেওয়া হয়, ২০২৪ সালের জুলাই বিপ্লব-পরবর্তী সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে বলা হয়েছে—সব ধরনের সরকারি নিয়োগের ক্ষেত্রে ৯৩ শতাংশ আসন মেধার ভিত্তিতে পূরণ করতে হবে। ফলশ্রুতিতে, ২০২৩ সালের ওই নিয়োগ প্রক্রিয়াও মেধার ভিত্তিতেই মূল্যায়ন হওয়া বাঞ্ছনীয়।
এর আগে চাকরিপ্রার্থীদের দায়ের করা ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট বিভাগ ২০২৩ সালের কোটাভিত্তিক নিয়োগকে অবৈধ ঘোষণা করেছিলেন এবং রিটকারী ১৫১ জনকে সরাসরি নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ থেকে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করা হয়। বৃহস্পতিবার আপিল বিভাগে সেই আপিলের চূড়ান্ত শুনানি শেষে আদালত পূর্বের রায় সংশোধন ও পরিমার্জন করে এই চূড়ান্ত রায় ঘোষণা করেন।
আদালতের এই যুগান্তকারী রায়ের ফলে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ওই শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল এখন ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নতুন করে মূল্যায়ন করতে হবে। এর ফলে মেধা তালিকায় থেকেও যারা কোটা পদ্ধতির কারণে বাদ পড়েছিলেন, তাদের জন্য নতুন সুযোগ তৈরি হলো। তবে মানবিক ও বাস্তব দিক বিবেচনা করে আদালত জানিয়েছেন, ইতিমধ্যে যারা এই নিয়োগের অধীনে চাকরিতে যোগদান করেছেন, তাদের চাকরিচ্যুত করা হবে না।



