সংলাপ রিপোর্ট
বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠি জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুর জেলার পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে, ফরিদপুরের বর্তমান পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে সেখান থেকে সরিয়ে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।



