নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ব্যস্ততম খিলক্ষেত ফুটওভার ব্রিজটি হকার ও অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা হয়েছে। খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) সৌরভ আল হোসেনের নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক ও জোরালো অভিযানের ফলে এই সাফল্য অর্জিত হয়েছে। এর মাধ্যমে চরম জনদুর্ভোগ থেকে রক্ষা পেয়েছেন প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার সাধারণ মানুষ।
জানা গেছে, সম্প্রতি খিলক্ষেত রয়্যাল গেট সংলগ্ন ফুটওভার ব্রিজটির ওপর হকারদের অবাধে পণ্য বেচাকেনা এবং সাধারণ মানুষের অতিরিক্ত ভিড়ের কারণে পথচারীদের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছিল। ফুটওভার ব্রিজটির একদিকে রাজউক মার্কেট এবং অন্যপাশে খিলক্ষেত রয়্যাল গেট অবস্থিত হওয়ায় এখানে সবসময় মানুষের প্রচণ্ড চাপ থাকে। এই সুযোগে একটি চক্র সেখানে সক্রিয় হয়ে উঠেছিল। অতিরিক্ত ভিড় ও গাদাগাদির সুযোগ নিয়ে প্রতিদিন ফুটওভার ব্রিজে পকেটমার, চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপকর্মের শিকার হচ্ছিলেন সাধারণ পথচারীরা। নারী, শিক্ষার্থী ও বয়স্কদের জন্য এই পথ দিয়ে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।
পরিস্থিতি গুরুতর আকার ধারণ করায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নেন খিলক্ষেত থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হোসাইন তার বলিষ্ঠ নেতৃত্বে ও সরাসরি দিকনির্দেশনায় পুলিশ সদস্যরা দিনে একাধিকবার আকস্মিক ও নিয়মিত অভিযান পরিচালনা করেন। পুলিশি তৎপরতার মুখে হকাররা ফুটওভার ব্রিজ ছেড়ে চলে যেতে বাধ্য হয় এবং অবৈধ দখলদারদের দৌরাত্ম্য বন্ধ রয়েছে।
ফুটওভার ব্রিজটি সম্পূর্ণ দখলমুক্ত হওয়ার পর বর্তমানে স্বস্তি প্রকাশ করেছেন সর্বস্তরের সাধারণ মানুষ। যাতায়াতে এখন আর কোনো ধরনের বিঘ্ন ঘটছে না জানিয়ে তারা খিলক্ষেত থানা পুলিশ ও ওসি সোহরাব আল হোসাইনের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এ বিষয়ে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। খিলক্ষেত ফুটওভার ব্রিজে সাধারণ মানুষের ভোগান্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ার বিষয়টি জানার পরই আমরা কঠোর অবস্থান নিই। নিয়মিত অভিযানের মাধ্যমে জনবহুল এই ব্রিজটি দখলমুক্ত রাখা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
খিলক্ষেত ফুটওভার ব্রিজ হকার ও দখলমুক্ত: স্বস্তি প্রকাশ সাধারণ মানুষের
Date:



