নিজস্ব প্রতিবেদক
নেত্রকোণার অবহেলিত জনপদের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ব্যারিস্টার কায়সার কামাল। দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার পাশাপাশি উন্নয়নের এই ধারাবাহিকতা যুক্ত হয়েছে পূর্বধলা উপজেলাতেও। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত প্রকল্পের আওতায় নেত্রকোণার বিভিন্ন গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের একটি তালিকা ইতোমধ্যে তাঁর নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আশার সঞ্চার করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন ও অবহেলিত জনপদগুলোকে উন্নয়নের মূল স্রোতধারায় যুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ডিপোটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। এরই অংশ হিসেবে পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেটিরকান্দা তালুকদার বাড়ির সামনে অবদা সড়ক থেকে দুর্গাপুর উপজেলার শংকরপুর বাজার এবং রায়কান্দুলি অংশের সংযোগস্থলে কংশ ও নেতাই নদীর ওপর একটি ওয়াই (Y) ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জাতীয় দৈনিক ‘দৈনিক সংলাপ’-এ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এবং পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ইমরান সিদ্দিকী রুবেলের বিশেষ বার্তার পরিপ্রেক্ষিতে বিষয়টি দ্রুত আমলে নিয়ে তা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। সেতুটি নির্মিত হলে ওই অঞ্চলের প্রায় লাখো মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘব হবে।
একনেকে অনুমোদিত ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প’-এর ডিপিপিতে (DPP) নেত্রকোণার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় মোট নয়টি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের প্রস্তাব অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে দুর্গাপুর উপজেলায় চারটি সেতু নির্মিত হবে, যার মধ্যে রয়েছে গাঁওকান্দিয়া ইউপি অফিস-ঝাঞ্জাইল ভায়া শংকরপুর বাজার সড়কে কংশ ও নেতাই নদীর ওপর শংকরপুরে (দুর্গাপুর, পূর্বধলা ও ধোবাউড়া উপজেলার সংযোগ স্থাপনের জন্য) ২৫০ মিটার ওয়াই ব্রিজ। এ ছাড়া দুর্গাপুর জিসি-কুমুদগঞ্জ জিসি সড়কে সোমেশ্বরী নদীর ওপর ৪৫০ মিটার ওয়াই ব্রিজ, শিবগঞ্জ বাজার-গাঁওকান্দিয়া ইউপি অফিস সড়কে সোমেশ্বরী নদীর ওপর (বিরিশিরি-চৈতাটি ঘাট) ২৫০ মিটার ওয়াই ব্রিজ এবং ঝাঞ্জাইল-মাদুরপাড় সড়কে কাকরিয়া নদীর ওপর ১২০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে, কলমাকান্দা উপজেলায় পাঁচটি সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে বড়খাপন ইউপি অফিস-যাত্রাবাড়ি বাজার সড়কের দুটি ভিন্ন স্থানে গুনাই নদীর ওপর ৯৯ মিটার করে দুটি সেতু নির্মিত হবে। পাশাপাশি পঞ্চকাটা বাজার গানিয়ারগাঁও হতে সদ্ধাহালা সড়কে উব্ধাখালী নদীর ওপর ৬০ মিটার ব্রিজ এবং বরদল-কান্তাপুর সড়কের দুটি স্থানে গজারমারী খালের ওপর যথাক্রমে ৫০ মিটার ও ৩০ মিটার দীর্ঘ দুটি সেতু নির্মাণের বিষয়টি প্রকল্পে স্থান পেয়েছে।
স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মতে, ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন থেকে শুরু করে স্পিকার পদে অধিষ্ঠিত হওয়ার পথচলায় ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রীয় দায়িত্বশীলতার পাশাপাশি নিজ এলাকার উন্নয়নে নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন। প্রস্তাবিত এই সেতুগুলো বাস্তবায়িত হলে দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্বধলাসহ সমগ্র নেত্রকোণা জেলার কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হবে।
ডিপোটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের ছোঁয়ায় বদলে যাচ্ছে কলমাকান্দা দুর্গাপুর ও পূর্বধলার যোগাযোগের চিত্র
Date:



