দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগরীসহ সাতটি জেলায় মোট ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে মোতায়েনের জন্য আরও ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েনকৃত সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। এলাকাভিত্তিক হিসাব অনুযায়ী, সর্বোচ্চ ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে। এ ছাড়া ঢাকা জেলায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জ ও কক্সবাজারে ৬ প্লাটুন করে, ঢাকা মহানগরী ও ফরিদপুরে ৫ প্লাটুন করে এবং ময়মনসিংহে ২ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
মোতায়েনকৃত সদস্যরা সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে কাজ করছেন। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



