নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মোট ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিল্পাঞ্চল ও কৌশলগত পয়েন্টগুলোতে বিজিবি সদস্যদের বিশেষ টিম মোতায়েন রয়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলে মোট ১৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে—যার মধ্যে আশুলিয়া এলাকায় সর্বোচ্চ ৯ প্লাটুন, মিরপুরে ১ প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে ২ প্লাটুন, জিরানী এলাকায় ২ প্লাটুন এবং জামগড়া এলাকায় ২ প্লাটুন বিজিবি রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চলে মোট ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে চন্দ্রায় ১ প্লাটুন, পল্লী বিদ্যুৎ এলাকায় ২ প্লাটুন, মৌচাকে ১ প্লাটুন, আমবাগ-কাটায় ১ প্লাটুন, কাশিমপুরে ১ প্লাটুন, নাওজোরে ১ প্লাটুন, ভোগড়া বাইপাসে ১ প্লাটুন, গাছায় ১ প্লাটুন এবং সালনা এলাকায় ১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
অন্যদিকে, নারায়ণগঞ্জ এলাকায় মোতায়েন করা হয়েছে ৭ প্লাটুন বিজিবি। এর মধ্যে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় ২ প্লাটুন, জালকুড়িতে ২ প্লাটুন, বিসিক শিল্পনগরীতে ১ প্লাটুন, চাষাড়া মোড়ে ১ প্লাটুন এবং কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় ১ প্লাটুন বিজিবি নিয়োজিত রয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম আরও জানান, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
তিনি উল্লেখ করেন, পরিস্থিতি সার্বক্ষণিক তদারকির জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং আধুনিক ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা হচ্ছে। মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করে সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় বজায় রাখা হচ্ছে।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, কারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই কঠোর নজরদারি ও মোতায়েন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।



