কলাপাড়ার কৃতি সন্তান খাইরুল আমিন প্রতিমন্ত্রীর এপিএস হওয়ায় ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের অভিনন্দন
সংলাপ রিপোর্ট
গণঅধিকার পরিষদের সভাপতি ও বর্তমান সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নূরুল হক নূর-এর সহকারী একান্ত সচিব (APS) হিসেবে নিয়োগ পেয়েছেন কলাপাড়ার গর্ব মো: খাইরুল আমিন। তাঁর এই সাফল্যে আনন্দ প্রকাশ করে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি রেজানুল হক শাওন ও যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুম বলেন,
”মোঃ খাইরুল আমিন একজন অত্যন্ত সৎ, আদর্শবান এবং উচ্চশিক্ষিত রাজনীতিবিদ। তাঁর মতো একজন মেধাবী ও ভদ্র মানুষ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং বিশ্বাস করি তিনি দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
এক নজরে মো: খাইরুল আমিনের পরিচিতি ও সাফল্য
ব্যক্তিগত ও পারিবারিক পরিচয়: মো: খাইরুল আমিন পটুয়াখালী জেলার কলাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের নাচনাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর পিতা মো: ইউনুস মৃধা চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক এবং মাতা মোসা: খাদিজা বেগম।
শিক্ষা জীবনের ঈর্ষণীয় রেকর্ড: ছাত্রজীবনে অসাধারণ মেধার স্বাক্ষর রেখেছেন খাইরুল আমিন। তাঁর অর্জনের তালিকায় রয়েছে:
এসএসসি: খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে বরিশাল বোর্ডে ৫ম স্থান অধিকার করেন।
এইচএসসি: সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে বরিশাল বোর্ডে ৩য় স্থান অধিকার করেন।
উচ্চশিক্ষা: দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে সাফল্যের সাথে স্নাতক (অনার্স) এবং ইংরেজি ভাষাতত্ত্বে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।
রাজনৈতিক ও সামাজিক অবস্থান: ছাত্রজীবন থেকেই রাজপথ ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় খাইরুল আমিন বর্তমানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
খাইরুল আমিনের এই নতুন দায়িত্বে পদার্পণে কলাপাড়া উপজেলা ও পৌরসভার সর্বস্তরের মানুষ এবং তাঁর রাজনৈতিক সহযোদ্ধারা অত্যন্ত গর্বিত। এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর এই অগ্রযাত্রা নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা ও সঠিক নেতৃত্বের পথে এগিয়ে যেতে গভীরভাবে অনুপ্রাণিত করবে।
Date:



