বিশেষ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের ঘোষিত বিতর্কিত ফলাফল বাতিল এবং পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আবু তাহের তালুকদার। মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল এই আবেদনটি গ্রহণ করে প্রয়োজনীয় আদেশ দিয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাছুম মোস্তফাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফলাফলে দেখানো হয়, মাছুম মোস্তফা পেয়েছেন ৮২,১৭৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাহের তালুকদার পেয়েছেন ৭৯,৪১২ ভোট। মাত্র ২,৭৬৫ ভোটের এই ব্যবধানকে ‘সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন আবু তাহের তালুকদার। তার অভিযোগ, অনেকগুলো কেন্দ্রে ধানের শীষের নিশ্চিত বিজয়কে ছিনতাই করতে সূক্ষ্ম কারচুপির আশ্রয় নেওয়া হয়েছে।
আবু তাহের তালুকদারের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নেত্রকোনা-৫ আসনের সমস্ত নির্বাচনী সরঞ্জামাদি (ব্যালট পেপার, ফলাফল শিট ও অন্যান্য নথিপত্র) দ্রুত নির্বাচন কমিশনের হেফাজতে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন। একই সাথে আদালত বিতর্কিত ওই ফলাফলে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে নোটিশ জারি করেছেন। আদালতের এই তড়িৎ পদক্ষেপে পূর্বধলার সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় ভোটারদের দাবি, নির্বাচনের দিন মাঠের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। পূর্বধলার প্রতিটি ইউনিয়নে আবু তাহের তালুকদারের পক্ষে যে গণজোয়ার দেখা গিয়েছিল, ফলাফল শিটে তার প্রতিফলন ঘটেনি। বিশেষ করে ভোটের দিন বিকেলে বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া এবং ফলাফল পাল্টানোর যে অভিযোগ বিএনপি প্রার্থী করেছেন, এই আইনি লড়াইয়ের মাধ্যমে তার সত্যতা বেরিয়ে আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দৈনিক সংলাপ দেওয়া এক প্রতিক্রিয়ায় আবু তাহের তালুকদার বলেন, “পূর্বধলার মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়েছে। কিন্তু মাত্র ২,৭৬৫ ভোটের ব্যবধান দেখিয়ে আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি ব্যক্তির বিজয়ের জন্য নয়, বরং পূর্বধলার মানুষের লুণ্ঠিত ভোটাধিকার উদ্ধারের জন্য উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছি। আমি বিশ্বাস করি, আইনি প্রক্রিয়ায় সত্য উন্মোচিত হবে।”
আদালতের এই আদেশের পর পূর্বধলার প্রতিটি হাট-বাজারে ও চায়ের দোকানে এখন মূল আলোচনার বিষয় আবু তাহের তালুকদারের এই আইনি লড়াই। সাধারণ মানুষের প্রত্যাশা, ব্যালট পেপার পুনরায় পরীক্ষা করলে এবং কারচুপির প্রকৃত চিত্র বেরিয়ে এলে আবু তাহের তালুকদারই বিজয়ী হিসেবে প্রমাণিত হবেন। পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হলে এই লড়াই আরও চূড়ান্ত রূপ নেবে বলে ধারণা করা হচ্ছে। এ প্রসঙ্গে ঘাগড়ি ইউনিয়ন বিএনপি নেতা হবিবুর রহমান তালুকদার বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে আমারা তাহের তালুকদার কে এমপি হিসেবে দেখতে পাবো ইনশাআল্লাহ।



