নিজস্ব প্রতিবেদক : শেরপুরের নকলার নয়াবাড়ী এলাকায় নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে হৃদয় হাসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের কুর্শা নয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হৃদয় হাসান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঘাঘরাখালি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, শিশুদের তিন চাকার সাইকেল চালানোর সময় হৃদয় পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। এসময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে হৃদয়ের নানা পুকুরে সাইকেল ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুকুর থেকে হৃদয়কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় তরুণ সবুজ মিয়া জানান, হৃদয় হাসানের বাবা দেলোয়ার হোসেন ও তার মা ঢাকায় এক গার্মেন্টসে চাকরি করেন। চাকরির সুবিধার্থে তাদের সন্তানকে কয়েক দিন আগে তার নানা বাড়ি নকলার কুর্শা নয়াবাড়ী এলাকায় রেখে যান।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবর রহমান বলেন, ‘নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য আবেদন করা হয়েছে।’



