নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) দেওয়া অভিযোগপত্রের ওপর বাদীপক্ষের নারাজি আবেদন মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। আদালত সিআইডি-কে আগামী ২০ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দিয়েছেন।
এর আগে গত ৬ জানুয়ারি ডিবি পুলিশ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছিল। তবে মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ওই তদন্তে অসন্তোষ প্রকাশ করে গত সোমবার শুনানির সময় আবেদন করেন। বৃহস্পতিবার শুনানিতে বাদীর আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল ডিবি’র তদন্তকে ‘অসম্পূর্ণ’ ও ‘হাস্যকর’ বলে অভিহিত করেন।
শুনানিতে আইনজীবী বলেন, “হাদি কোনো সাধারণ মানুষ ছিলেন না। তাকে হত্যার পেছনে অবশ্যই বড় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ছিল। ডিবি’র চার্জশিটে হত্যার পরিকল্পনাকারীদের সাথে শুটারদের যোগসূত্র স্পষ্ট করা হয়নি। মাত্র একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় এমন দুঃসাহসিক হত্যাকাণ্ড সম্ভব নয়।” তিনি আরও প্রশ্ন তোলেন, জনাকীর্ণ এলাকায় প্রকাশ্য দিবালোকে হত্যার পর ঘাতকরা কীভাবে ‘সেইফ এক্সিট’ পেল এবং তাদের পালানোর নেপথ্যে কারা ছিল, তদন্তে সেই রহস্য উন্মোচিত হয়নি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালে চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করে এক মোটরসাইকেল আরোহী আততায়ী। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে তার মৃত্যু হয়। হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
ডিবি’র দেওয়া চার্জশিটে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি এবং সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে আসামি করা হয়েছিল। তদন্তে বলা হয়েছিল, রাজনৈতিক প্রতিহিংসা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে বাদীপক্ষের অভিযোগ, মূল পরিকল্পনাকারীদের আড়াল করতেই এই তড়িঘড়ি চার্জশিট দেওয়া হয়েছে।
আদালতের এই আদেশের পর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তারা আশা করছেন, সিআইডির তদন্তে হাদি হত্যার প্রকৃত নেপথ্য কারিগররা বেরিয়ে আসবে।



