পূর্বধলা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাশিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন “স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাঙ্গামাটিয়া’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈদ পরবর্তী সুপার টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতায় স্বাগতিক দল রামকান্দা যুব সেনা স্পোর্টিং ক্লাবকে ৬৯ রানের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচে টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাঙ্গামাটিয়া দল। নির্ধারিত ১৬ ওভারের ইনিংসে তারা ৭ উইকেট হারিয়ে ২২৩ রানের চমৎকার স্কোর গড়ে তোলে। দলের পক্ষে ইয়াসিন মাত্র ১৫ বলে অপরাজিত ৫৫ রানের দ্রুতগতির ইনিংস খেলেন যা দলের রান সংখ্যা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উত্তরোত্তর রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে রামকান্দা যুব সেনা স্পোর্টিং ক্লাব ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। স্বাগতিক দলের বোলাররা চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে প্রতিপক্ষকে লক্ষ্যের কাছে যেতে না দিয়ে জয় নিশ্চিত করে।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নাজমুস সাদাত সাবের, পল্লী বিদ্যুৎ সমিতির ইনস্ট্রাক্টর এ.এস.এম সায়েম, ব্যুরো বাংলাদেশের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার শেখ মতিউর রহমান, নেত্রকোনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মাহমুদ, সোহরাব হোসাইন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন ইয়াসিন। সর্বোচ্চ রান ও উইকেট লাভের কৃতিত্ব দেখিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন মনিরুজ্জামান আকন্দ রনি।
স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাঙ্গামাটিয়া’র সভাপতি মোঃ ওমর ফারুক বলেন, “আমাদের সংগঠন গত এক যুগেরও বেশি সময় ধরে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারের টুর্নামেন্টে ৮টি দলের অংশগ্রহণ আমাদের সামাজিক কর্মকাণ্ডের প্রতি মানুষের আস্থারই প্রতিফলন। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে আমরা নিয়মিত এমন আয়োজন করে থাকি। ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মাঝে সৌহার্দ্য ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আগামী দিনেও আমরা সমাজ উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রাখব।”
স্থানীয় সূত্রে জানা যায়, এই টুর্নামেন্ট উপজেলার তরুণ সমাজের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।



