মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ সাতক্ষীরার শ্যামনগরে হরিণের রান্না করা মাংস সহ শিকারের ফাঁদ উদ্ধার করেছে বনরক্ষীরা। গভীর রাতে শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের মরাগাং গ্রামে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালিয়ে ১০ কেজি রান্না করা হরিণের মাংস ও ৫০টি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ.কে.এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন,সঙ্গবদ্ধ হরিণ শিকারি চক্রের সদস্যরা হরিণের মাংস রান্না করে ভূরিভোজের আয়োজন করেছে এমন খবরের ভিত্তিতে মরাগাং টহলফাঁড়ির ইনচার্জ (ওসি) সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালায়। অভিযানে হরিণের রান্না করা মাংস ও ৫০টি হরিণ শিকারের ফাঁদ সহ হরিণের নাড়িভুড়ি জব্দ করা হয়। তবে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যায়।
এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।



