সংলাপ রিপোর্ট
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর তুমব্রু বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। গতকাল (৩ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিমকুল রুহুলের দোকান-কাটাপাহাড় সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় তুমব্রু বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে আজ রবিবার (৪ অক্টোবর) আনুমানিক ভোর ৪টা ৩০ মিনিটে বিজিবি টহলদল অত্যাধুনিক থার্মাল ইমেজারের মাধ্যমে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা রাতের অন্ধকার ও পানির সুযোগ নিয়ে মালামাল ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল ঘটনাস্থল তল্লাশি করে লুঙ্গিতে মোড়ানো ৩টি ব্যাগ উদ্ধার করে। ব্যাগগুলো তল্লাশি করে সর্বমোট ৪,২০,০০০ (চার লাখ বিশ হাজার) পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বান্দরবানের তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ
Date:



