বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ:
দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বৃদ্ধির অংশ হিসেবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে আরও ১২ দশমিক ৫ (সাড়ে ১২) মিলিয়ন ঘনফুট গ্যাস। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে এ গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিতাস-২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
দৈনিক সংলাপ-কে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়, গত বছরের ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস-২৮ নম্বর কূপটির খননকাজ শুরু করা হয়। একটি চীনা প্রতিষ্ঠানের সহায়তায় ৩ হাজার ৫২৬ মিটার গভীরতায় কূপটি খননের পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।
এরপর গত ১৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। এই পরীক্ষামূলক সময়েই প্রায় ২০০ কোটি টাকা সমমূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হয়েছে। এখন থেকে এই কূপ থেকে প্রতিদিন নিয়মিতভাবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
বর্তমানে তিতাস গ্যাসক্ষেত্রের ২৩টি কূপ উৎপাদনে রয়েছে, যা থেকে প্রতিদিন গড়ে ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। নতুন এই কূপের সংযোজন দেশের সার্বিক গ্যাস সরবরাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তিতাসের জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
Date:



