সংলাপ প্রতিবেদক
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের সংলাপ শেষে দ্বিতীয় ধাপের সংলাপের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।
প্রথম ধাপের সংলাপে ভিন্নমত নিয়ে দ্বিতীয় ধাপে বিষয় ভিত্তক আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদের খসড়া তৈরি করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
সোমবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এ কথা বলেন আলী রীয়াজ। দলটির সঙ্গে ১৩ মে মুলতবি হওয়া বৈঠক সোমবার বিকাল ৩টায় আবার শুরু হয়।
সিপিবির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম ধাপের সংলাপ শেষ হবে।
রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনগুলোর একীভূত সুপারিশ চূড়ান্ত করার পাশাপাশি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির জন্য কাজ করছে এ কমিশন।
পাঁচটি সংস্কার কমিশনের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ সুপারিশের ওপর ৩৯টি রাজনৈতিক দলের মতামত জানতে চেয়েছিল ঐকমত্য কমিশন। এরপর সেই মতামত ধরে সংশ্লিষ্ট দলের সঙ্গে কমিশন সংলাপ করছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এ কমিশন গত ১৫ ফেব্রুয়ারি কাজ শুরু করে। ২০ মার্চ থেকে শুরু হওয়া সংলাপে ৩৩টি দল ও জোটের সঙ্গে আলোচনা হয়।
আলী রীয়াজ বলেন, “আশা করছি যে সমস্ত বিষয়ে ভিন্নমত আছে, সেগুলো নিয়ে পরবর্তী সময়ে বিষয়ভিত্তিক আলোচনা করতে পারব। প্রথম পর্যায়ের সংলাপের সমাপ্তি টানব এবং পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ের আলোচনা খুব শিগগিরই শুরু করতে পারব।”
ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দ্রুত সংবাদ সম্মেলন করে প্রথম ধাপের আলোচনার অগ্রগতি জানানো হবে বলে জানিয়েছেন আলী রীয়াজ।



