লক্ষীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যক্রম নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে সমিতিতে নির্বাচন না হওয়া, স্বেচ্ছাচারী সিদ্ধান্ত গ্রহণ, এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতার অভাবকে কেন্দ্র করে এই অসন্তোষ তীব্র হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমান কমিটি প্রায় ৪০ বছর ধরে ক্ষমতায় থাকলেও কার্যত ব্যবসায়ীদের কল্যাণে কোনো কার্যকর ভূমিকা পালন করছে না। তহবিল ব্যবহারের সঠিক হিসাব দেওয়া হয় না এবং ব্যবসায়ীদের পরামর্শও নেওয়া হয় না।
ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য মোরশেদ আলম বলেন, “সমিতি দীর্ঘদিন ধরে স্বার্থান্বেষী এবং স্বৈরাচারী ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আসছে। গত ১৫ বছর ধরে পরিচালনা পর্ষদের বেশিরভাগ সদস্য একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। এ কারণে সমিতির কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে এবং ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।”
ব্যবসায়ী হেলাল উদ্দিন বলেন, “যদি সমিতি ব্যবসায়ীদের জন্য হয়, তাহলে আমাদের মতামত কেন গুরুত্ব পাবে না? আমরা কোনো সুবিধা পাচ্ছি না, অথচ সমিতির নেতারা নিজেদের স্বার্থে কাজ করছেন।” তিনি আরও বলেন, একটি কার্যকর কমিটি গঠনের জন্য দ্রুত নির্বাচন আয়োজন করা প্রয়োজন।
অন্যদিকে, সমিতির বর্তমান কমিটির এক সদস্য অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা সবসময় ব্যবসায়ীদের কল্যাণে কাজ করেছি। যারা অভিযোগ করছেন, তারা সঠিক তথ্য না জেনেই এসব বলছেন। শিগগিরই বিষয়গুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হবে।”
ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য মোঃ আমিন সোহেল বলেন, “সমিতির নেতৃত্বে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত নির্বাচন আয়োজন করা উচিত। সমিতির প্রতিষ্ঠার পর থেকে কোনো নির্বাচন হয়নি। প্রার্থীতা প্রত্যাহারে বলপ্রয়োগের মতো ঘটনাও ঘটেছে। তাই, নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ব্যবসায়ীদের মধ্যে জোরালো দাবি উঠেছে।”



