পার্থ প্রতিম ভদ্র : দুইদিন আগে বাড়ি থেকে কিছু না বলে বের হয়ে যাওয়া কিশোর আবরাব জাওয়াদের (১৫) লাশ উদ্ধার করেছে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ। আজ মঙ্গলবার(১২ নভেম্বর) দুপুর তিনটার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের সাহেব বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আবরাব ফরিদপুর শহরের বিল মামুদপুর এলাকার কামরুল হাসানের একমাত্র ছেলে। কামরুল হাসান বর্তমানে ভিয়েতনাম প্রবাসী।
ফরিদপুর কোতোয়ালী থানার পরিদর্শক তদন্ত জনাব মোঃ জাফর ইকবাল জানান, গেরদা গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি মো. সোহেল সাহেব বাড়ির পুকুড়ে দুপুর আড়াইটার দিকে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুরে ভাসমান কিশোর আবরাবের লাশ উদ্ধার করে।
আবরাবের চাচা টিটু জানান,১০ নভেম্বর বিকেলে বাড়ি থেকে কিছু না বলে বের হয়ে যায় আবরাব । এরপর থেকে সে নিখোঁজ ছিল। তিনি জানান, আবরাব ফরিদপুর শাহীন স্কলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
টিটু আরও বলেন, আজ বিকেলে পুলিশ খবর দিলে আমরা গিয়ে লাশ সনাক্ত করি। তিনি বলেন, গতকাল সোমবার রাতে এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিল।
টিটু জানান, হারানো দিন রাতে ফরিদপুর শহরতলীর জোয়ারের মোড় এলাকায় স্থানীয়রা তাকে এলোমেলো ঘোরাফেরা করতে দেখে আটকে রেখেছিল। কিন্তু সকালে আবার ছেড়ে দেয় বলে জানিয়েছে। এছাড়া ১১ নভেম্বর বিকেলে ০১৩৩৩১১৭২৩০ মোবাইল নাম্বার থেকে আবরাব এক্সসিডেন্ট করেছে মানিকগঞ্জ হাসপাতালে আছে বলে পুলিশ পরিচয়ে ৭ হাজার টাকা চাইলে তাৎক্ষণিক নগদ নাম্বারে পাঠানো হয়। পরে সেই নাম্বার বন্ধ করে দিলে মনে হয়েছে প্রতারক চক্র।
কোতয়ালী থানার পরিদর্শক তদন্ত জনাব জাফর ইকবাল জানিয়েছেন, এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিল। দুপুরে খবর পেয়ে সাহেব বাড়ি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



