নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের আওতাধীন খিলক্ষেত ভূমি অফিসে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. রৌশন আহমেদ দায়িত্ব গ্রহণের পর থেকেই অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে। সেবা নিতে আসা সাধারণ মানুষ ও স্থানীয় ভুক্তভোগীদের দাবি, বর্তমান এসিল্যান্ড যোগদানের পর থেকেই পুরো অফিসটি একটি নির্দিষ্ট সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে। এ বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলেও দপ্তরটিতে অনিয়মের দৌরাত্ম্য থামছে না।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, নবাগত এই কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর নামজারি (মিউটেশন) ও মিস কেস নিষ্পত্তির ক্ষেত্রে অলিখিত অর্থের হার নির্ধারণ করে দিয়েছেন। সাধারণ নিয়মে সেবা পেতে গেলে মাসের পর মাস ঘুরতে হয়, অথচ নির্ধারিত অঙ্কের চেয়ে চার গুণ বেশি অর্থ দিলে মাত্র একদিনের মধ্যেই প্রস্তাব ও মঞ্জুরির কাজ সম্পন্ন হয়ে যায়। অভিযোগ রয়েছে, এসিল্যান্ড মো. রৌশন আহমেদের ব্যক্তিগত একটি ডায়েরিতে সব লেনদেনের হিসাব রাখা হয় এবং এই তালিকার বাইরে থাকা কোনো ফাইল অফিসে নড়ে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবাগত এসিল্যান্ড সরাসরি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার বদলে ২৩ জন বহিরাগত দালাল ও অসাধু চক্রের মাধ্যমে পুরো সার্কেল অফিস নিয়ন্ত্রণ করছেন। অফিস চলাকালীন সময়ে কক্ষের গেট বন্ধ রেখে এই সিন্ডিকেট সদস্যদের সাথে গোপন বৈঠক করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া আশেপাশের এশিয়ান সিটি ও স্বদেশ প্রপার্টিজ এলাকার বিভিন্ন ভূমি জালিয়াতি চক্রের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে উঠেছে বলে স্থানীয়দের দাবি। নির্দিষ্ট কিছু কম্পিউটার দোকান ও ব্রোকারের মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ফাইল পাস করানো হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র ও পূর্ববর্তী গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খিলক্ষেতের ডুমনি এলাকায় সাবেক এক সেনা কর্মকর্তার ৮.২৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত সামিন ডেইরি ফার্ম সংক্রান্ত একটি মিস কেস (নং ২২৩/২৪) নিয়েও ব্যাপক জালিয়াতির অভিযোগ উঠেছে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তড়িঘড়ি করে রায় পাইয়ে দেওয়ার পাশাপাশি মূল খতিয়ান ও গুরুত্বপূর্ণ নথিপত্র দপ্তর থেকে সরিয়ে ফেলার মতো গুরুতর অভিযোগ রয়েছে এই সার্কেল অফিসের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, নবাগত এসিল্যান্ড প্রায়ই বিভিন্ন অজুহাতে অফিসের বাইরে থাকেন, যার ফলে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। পাশাপাশি রাজস্ব সার্কেলের নায়েবদেরও এক প্রকার জিম্মি করে রাখা হয়েছে এবং প্রতিটি ফাইলের মূল্য তিনি নিজেই নির্ধারণ করেন বলে জানা গেছে। নিজের অপকর্ম ঢাকতে তিনি উচ্চ মহলের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করেন এবং কতিপয় অসাধু ব্যক্তিকে দিয়ে নিজের পক্ষে প্রচারণা চালান বলেও অভিযোগ রয়েছে।
একাধিক গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। রাজধানীর মতো গুরুত্বপূর্ণ একটি ভূমি অফিসে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং এই সিন্ডিকেট ভাঙতে ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও দুর্নীতি দমন কমিশনের জরুরি হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।



