নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ওমর ফারুকের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানটির সুপার হাফেজ মাওলানা দৌলত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সহকারী সুপার মাওলানা আমিরুল ইসলাম ও সহকারী শিক্ষক আরমান রহমান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।



