Trending Now

আইসিএপিপি-এর স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

Date:

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি) এর স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিনিধি হিসেবে এই মর্যাদাপূর্ণ পদে মনোনীত হলেন।

সোমবার (২২ জুন) আইসিএপিপি-এর মহাসচিব এক ই-মেইল বার্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নের তথ্য নিশ্চিত করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ মানসুর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে আইসিএপিপি-এর স্থায়ী কমিটির সদস্য হিসেবে মোঃ ইসমাইল জবিউল্লাহর নাম প্রস্তাব করেন।

এদিকে, আগামী ২৫ থেকে ২৮ জুন পর্যন্ত মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিতব্য আইসিএপিপি-এর ৪৫তম স্থায়ী কমিটির সভায় মোঃ ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দলের প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছেন। এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ প্রতিনিধিদের এই সভায় আঞ্চলিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ, গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হবে।

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০০৪-২০০৫ মেয়াদে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল্লাহ আল নোমান এবং ২০০৬-২০০৯ মেয়াদে বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আইসিএপিপি-এর স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় নীতিনির্ধারকরা মোঃ ইসমাইল জবিউল্লাহর এই মনোনয়নকে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির কূটনৈতিক সাফল্য এবং গ্রহণযোগ্যতার একটি বড় মাপকাঠি হিসেবে দেখছেন। এর মাধ্যমে এশিয়ার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাংলাদেশের বহুপাক্ষিক সংলাপ, সহযোগিতা ও যোগাযোগের ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০০ সালে প্রতিষ্ঠিত ‘আইসিএপিপি’ এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর একটি বৃহত্তর আন্তর্জাতিক ফোরাম। এই অঞ্চলের দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে ভূমিকা রাখাই এই সংস্থার মূল লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পূর্বধলায় জাতীয়তাবাদী কারিগরি শিক্ষক পরিষদের নতুন কমিটি… সভাপতি শফিকুজ্জামান, সম্পাদক… বিপ্লব রানা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় জাতীয়তাবাদী কারিগরি শিক্ষক পরিষদের...

প্রিমিয়ার ব্যাংকের ভারপ্রাপ্ত এমডির দায়িত্বে অমেলেন্দু রায়

সংলাপ রিপোর্ট  প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জনাব মো:...

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...