নিজস্ব প্রতিবেদক,
নেত্রকোনার কৃতি সন্তান বিশিষ্ট কোরিওগ্রাফার হাবিবুর রহমান দ্বিতীয়বারের মতো রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ অর্জন করেছেন। গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত সরকারি গেজেট অনুযায়ী, ২০২৩ সালের শ্রেষ্ঠ নৃত্য পরিচালক বিভাগে তিনি এই গৌরবময় পদক লাভ করেন। অপু বিশ্বাস প্রযোজিত ও বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ চলচ্চিত্রে অসাধারণ নৃত্য পরিচালনার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।
সরকারি প্রজ্ঞাপনে দেখা যায়, ২৮টি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে, যেখানে ১৫ নম্বর ক্রমিকে শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে হাবিবুর রহমানের নাম উল্লেখ রয়েছে। এর আগেও তিনি একবার জাতীয় পুরস্কার অর্জন করেছিলেন।
নিজের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে হাবিবুর রহমান মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছি। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমার এই অর্জনের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানিত সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের সদস্যবৃন্দকে। বিশেষ কৃতজ্ঞতা জানাই ‘লাল শাড়ি’ ছবির পরিচালক শ্রদ্ধেয় বন্ধন বিশ্বাস দাদা এবং প্রযোজক অপু বিশ্বাস দিদিকে। এই পুরস্কারটি আমি আমার বন্ধু ও ভক্তদের উৎসর্গ করলাম।”
একজন মফস্বল শহর থেকে উঠে আসা প্রতিভার এই সাফল্যে নেত্রকোনায় আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেত্রকোনাবাসীসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে অভিনন্দন জানাচ্ছেন। হাবিবুর রহমানের এই অর্জন জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।হাবিবুর রহমানের এই সফলতায় এক বিবৃতিতে অভিনন্দন জানান দৈনিক সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমরান ছিদ্দিকি রুবেল। উল্লেখ্য যে হাবিবুর রহমান নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৃতি সন্তান।



