সংলাপ রিপোর্ট
রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ ঢাকা-৯ আসনে বেসরকারিভাবে বড় জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। আজ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা যায়, ধানের শীষ প্রতীকের এই প্রার্থী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হাবিবুর রশিদ হাবিব পেয়েছেন ১,১১,২১২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫৩,৪৬০ ভোট। জয়ের খবর নিশ্চিত হওয়ার পর থেকেই নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
বিজয়ের পর দেওয়া এক বিবৃতিতে হাবিবুর রশিদ হাবিব বলেন, এই বিজয় ঢাকা-৯ আসনের সর্বস্তরের মানুষের। এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জয়। তিনি আরও বলেন, আগামী দিনে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এলাকা গড়ার পাশাপাশি জলাবদ্ধতা ও যানজট নিরসনে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
ফলাফল ঘোষণার পর খিলগাঁও ও মুগদা এলাকায় বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। সাধারণ ভোটারদের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। দীর্ঘ সময় পর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে এবং পছন্দের প্রার্থী জয়ী হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে।
এলাকাবাসীর প্রত্যাশা, নতুন সংসদ সদস্যের নেতৃত্বে ঢাকা-৯ একটি আধুনিক ও বসবাসযোগ্য এলাকায় পরিণত হবে।তার এই বিজয়ে শুভেচছা জানান সরকারি কলেজ শিক্ষক সমিতির (সকশিস)কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আফরোজ মাহবুব খান ও দৈনিক সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমরান ছিদ্দিকি রুবেল।



