সংলাপ রিপোর্ট
দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা-১৮ (উত্তরা, তুরাগ, উত্তরখান ও দক্ষিণখান) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। গতকাল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন ও স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই আসনের ২১৯টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ১,৪৪,৭১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১,১১,২৯৭ ভোট। প্রায় ৩৩ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে ধানের শীষের এই বিজয় নিশ্চিত হয়।
ভোররাতে ফলাফল ঘোষণার পরপরই উত্তরা ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। ভোটাররা বলছেন, দীর্ঘ সময় পর একটি প্রতিযোগিতামূলক ও উৎসবমুখর পরিবেশে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। স্থানীয় এক বাসিন্দা জানান, “আমরা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছি, আর জাহাঙ্গীরের জয় আমাদের সেই প্রত্যাশার প্রতিফলন।”
বিজয়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এস এম জাহাঙ্গীর হোসেন মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং ঢাকা-১৮ আসনের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “এই জয় কোনো ব্যক্তির নয়, এই জয় গণতন্ত্রকামী জনগণের। আমি আমার এলাকার উন্নয়নে এবং জনগণের অধিকার রক্ষায় নিজেকে উৎসর্গ করব।” দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “বিজয় উল্লাস নয়, বরং জনগণের সেবায় আত্মনিয়োগ করাই এখন আমাদের মূল লক্ষ্য।”
নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, ভোট গ্রহণ ও ফলাফল পরবর্তী সময়ে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, জয়ের পর কোনো প্রকার বিজয় মিছিল বা উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন দলটির নেতাকর্মীরা। তারা বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও প্রার্থনায় অংশ নিচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঢাকা-১৮ আসনের এই ফলাফল রাজধানীর রাজনীতিতে বিএনপির অবস্থানকে আরও সুসংহত করল।বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন কে তার এই বিজয়ে এক বিবৃতিতে অভিনন্দ জানান দৈনিক সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমরান ছিদ্দিকি রুবেল।



