সংলাপ রিপোর্ট ।
বাংলাদেশ ও আমেরিকা আক্ষরিক অর্থেই একে অপরের ইতিহাস বিনির্মাণে এবং ঐতিহ্যগত বন্ধন দৃঢ় করতে পারস্পরিক ভূমিকা রেখেছে। আজ আমেরিকান দূতাবাস কর্তৃক জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশিষ্ট অতিথিবৃন্দ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভবিষ্যৎ অংশীদারিত্বের এই চিত্র তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আমাদের জাতীয় সংসদ ভবনের অনন্য নকশা করেছেন বিখ্যাত মার্কিন স্থপতি লুই কান। ঠিক তেমনি আমেরিকার আধুনিক স্থাপত্য নির্মাণ ও আকাশচুম্বী ভবনের নকশায় অনন্য অবদান রেখেছেন বিশিষ্ট বাংলাদেশি-আমেরিকান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খান।” তিনি উল্লেখ করেন, এই পারস্পরিক অনন্য অবদানই প্রমাণ করে যে বাংলাদেশ ও আমেরিকা আক্ষরিক অর্থেই একে অপরের ইতিহাস বিনির্মাণে যুগান্তকারী সহায়তা করেছে।
ডেপুটি স্পিকার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করে বলেন, সেই কঠিন সময়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মার্কিন কিংবদন্তি সঙ্গীতশিল্পী জর্জ হ্যারিসন। তাঁর ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক অবিস্মরণীয় অবদান। আজকের এই বিশেষ সঙ্গীতায়োজন সেই একই মানবিক ও সাংস্কৃতিক চেতনাকে বহন করছে, যা কেবল বাণিজ্য বা কূটনীতি নয়, বরং দুই দেশের সাধারণ মানুষের মধ্যকার সম্পর্ককে একটি দীর্ঘস্থায়ী ও শক্তিশালী অংশীদারিত্বে রূপ দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে ডেপুটি স্পিকার আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সংলাপ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি, সন্ত্রাসবাদ দমন, সামুদ্রিক নিরাপত্তা, শিক্ষা, প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং যুক্তরাষ্ট্র আমাদের একটি পরীক্ষিত বন্ধু।” বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা ও পাশে থাকাকে এই গভীর অংশীদারিত্বেরই এক উজ্জ্বল প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেন। তিনি বিশ্বাস করেন, যৌথ অঙ্গীকার ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গণতন্ত্র, উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বিদ্যমান। তিনি বলেন, “জাতীয় সংসদ ভবনের আইকনিক স্থাপনার সামনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের এই চমৎকার আয়োজন দুই দেশের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধের এক অনন্য প্রতীক।”
আমেরিকার প্রতিশ্রুতি: ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও শান্তি’
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তাঁর স্বাগত বক্তব্যে ১৭৭৬ সালের ৪ জুলাই আমেরিকার প্রতিষ্ঠাতাদের ঐতিহাসিক ঘোষণার কথা স্মরণ করে বলেন, ‘সকল মানুষ সমান’। তিনি উল্লেখ করেন, আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবসের এই ঐতিহাসিক ক্ষণে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আলোকে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের টেকসই নিরাপত্তা অংশীদারিত্ব ও আঞ্চলিক শান্তি রক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সবশেষে, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল যুক্তরাষ্ট্রের জনগণ ও সরকারের প্রতি স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উক্ত জমকালো অনুষ্ঠানে ককাস সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের মাননীয় সদস্যগণ, মার্কিন ও অন্যান্য দেশের কূটনৈতিকবৃন্দ, সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।



