Trending Now

ট্রেন বন্ধে একদিনে ক্ষতি সোয়া কোটি টাকা

Date:

সংলাপ প্রতিবেদক

রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে প্রায় ৩০ ঘণ্টা ট্রেন বন্ধ থাকায় রাজধানীর কমলাপুর স্টেশনের প্রায় সোয়া কোটি টাকার মত আর্থিক ক্ষতি হয়েছে।

কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “কমলাপুর স্টেশনের টিকেট বিক্রি থেকে দৈনিক ১ কোটি ১৫ লাখ থেকে ১ কোটি ২০ লাখ টাকা আয় হয়। তো কাল যেহেতু সবগুলো ট্রেন বন্ধ ছিল সে কারণে টিকেটের টাকা যাত্রীদের ফেরত দিতে হয়েছে। ফলে রেলের ওই টাকাটা ক্ষতি হয়েছে।”

ঢাকার কমলাপুর থেকে প্রতিদিন ৪২ জোড়া আন্তঃনগর এবং ২৫ জোড়া লোকাল, মেইল, কমিউটার ট্রেন চলাচল করে।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিকের দাবি পূরণ না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেন রানিং স্টাফরা। তাতে মঙ্গলবার সারাদিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে।

নজিরবিহীন এই পরিস্থিতিতে স্টেশনে এসে ভোগান্তিতে পড়তে হয় আগাম টিকেটের যাত্রীদের। তখন যাত্রীদের টিকেটের টাকা ফেরত দেয় রেলওয়ে।

রেলকর্মীদের বুঝিয়ে কাজে ফেরাতে মঙ্গলবার দিনভর দফায় দফায় বৈঠক করেও সমঝোতার পথ বের করতে পারেননি রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালকসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। রানিং স্টাফদের নেতা মজিবুর রহমানকে খুঁজে না পাওয়ায় বিষয়টি আটকে থাকে।

এই চেষ্টায় যুক্ত হন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসও। কিন্তু তিনিও কোনো সমাধান দিতে পারেননি।

শেষ পর্যন্ত গভীর রাতে রাজধানীর মিন্টো রোডে যোগাযোগ ও রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় বৈঠকের পর চলমান কর্মবিরতি প্রত্যাহার করে ট্রেন চলাচল শুরুর ঘোষণা দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

সোমবার সন্ধ্যার পর থেকে প্রকাশ্যে না থাকা রানিং স্টাফদের নেতা মজিবুর রাত আড়াইটায় প্রেস বিফ্রিংয়ে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, “আমাদের সমস্যা আগামীকালের (বুধবার) মধ্যে সমাধান করবেন উপদেষ্টা মহোদয়। আমরা জনদুর্ভোগ চাই না। দুঃখ প্রকাশ করছি। এখন থেকে কর্মবিরতি প্রত্যাহার করলাম।

“মিডিয়ার মাধ্যমে কর্মী ভাইদের বলতে চাই আপনার কাজে ফিরুন। উপদেষ্টা বলেছেন, আগের মত আমরা যা পেয়ে আসছি তা পাব।”

উপদেষ্টা মুহাম্মদ ফাওজল কবির খান সাংবাদিকদের বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি এটা (তাদের দাবি পূরণ) করতে সক্ষম হব। বিদ্যমান সুবিধাদি বহাল থাকবে। আগে থেকে যেসব সুবিধা চলে আসছে তা পরিবর্তন হবে না।”

গভীর রাতের ওই বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও অংশ নেন।

বৈঠক শেষে বিফ্রিংয়ে মজিবুর বলেন, “উপদেষ্টা বলেছেন দ্রুত কালকের (বুধবার) মধ্যে সমস্যার সমাধান করবে। আগের সুবিধা বিদ্যমান থাকবে, আগের ন্যায় পাব। আর ২০২২ সালের পরের নিয়োগপ্রাপ্তদের বিষয়ে কালকের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রজ্ঞাপন দেবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।”

গার্ড, লোকামাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকো মাস্টার এবং টিটিইরা রেলের রানিং স্টাফ। এরা ট্রেন চালানোর সঙ্গে সরাসরি জড়িত। সারাদেশে রেলওয়েতে ১৭ শর বেশি রানিং স্টাফ কাজ করেন।

দৈনিক কর্মঘণ্টা ৮ ঘণ্টা হলেও রানিং স্টাফদের গড়ে ১৫–১৮ ঘণ্টা কাজ করতে হয়। সেজন্য তাদের আগে দেওয়া হত বিশেষ আর্থিক সুবিধা, যাকে রেলওয়ের ভাষায় বলা হয় মাইলেজ। মাইলেজ রানিং স্টাফদের বেতনেরই অংশ।

প্রতি ১০০ কিলোমিটার ট্রেন চালালে রানিং স্টাফরা মূল বেতনের এক দিনের বেসিকের সমপরিমাণ টাকা অতিরিক্ত পেতেন। ৮ ঘণ্টায় এক দিনের কর্মদিবস ধরলে রানিং স্টাফদের প্রতি মাসে কাজ দাঁড়ায় আড়াই বা তিন মাসের সমপরিমাণ। তাদের বেতনও সেভাবেই দেওয়া হত।

এ ছাড়া মূল বেতনের হিসাবে অবসরকালীন ভাতা যা হয়, তার সঙ্গে অতিরিক্ত আরও ৭৫ শতাংশ টাকা বেশি দিয়ে তাদের পেনশন দেওয়া হত।

২০২২ সালের জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের সেই সুবিধা বাতিল করা হয়। এরপর থেকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...