পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি
কাপাশিয়া দাখিল মাদ্রাসার প্রাঙ্গণ জুড়ে গতকাল ছিলো স্মৃতিমাখা এক উৎসবের আমেজ। প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এখানে অনুষ্ঠিত হলো ৪র্থ বার্ষিক পুনর্মিলনী ও ইফতার মাহফিল। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠের গৌরবময় ইতিহাসের ধারাবাহিকতায় আয়োজিত এই অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন কয়েক প্রজন্মের শিক্ষার্থী, যাদের অনেকেই এখন দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গণ মুখরিত হতে শুরু করে প্রাক্তন শিক্ষার্থীদের কলকাকলিতে। কেউ এসেছেন সরকারি চাকরি থেকে, কেউ ব্যবসায়ী, কেউবা সাংবাদিকতা পেশায় – পেশাগত ভিন্নতা ভুলে সবাই যেন ফিরে এসেছিলেন সেই ছাত্রজীবনের সরল আবেগে। পরিচিত মাঠ, পুরনো ক্লাসরুম আর শিক্ষকদের দেখে সবার চোখে-মুখে ফুটে উঠছিলো না বলা স্মৃতির ঝলকানি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার বর্তমান সুপার ও প্রাক্তন শিক্ষার্থী হাফেজ মাওলানা দৌলত আলী সাহেব। অনুষ্ঠানে অংশ নিয়েছেন মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানের অতীত গৌরব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। দৈনিক সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমরান সিদ্দিকী রুবেল তাঁর শুভেচ্ছা বার্তায় জানান, “প্রতিবারের মতো এবারও পুনর্মিলনী ও ইফতার মাহফিলের আয়োজন ছিল অভিভূত হওয়ার মতো। এই মাদ্রাসা আমাদের শুধু শিক্ষাই দেয়নি, দিয়েছে জীবন বদলে দেওয়ার দর্শন।”
প্রাক্তন শিক্ষার্থী জনাব আব্দুল মালেক তাঁর বক্তব্যে জানান, প্রতিবছর এমন একটি আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারি এবং আয়োজনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
ইফতার পর্বটি ছিলো বিশেষভাবে আবেগঘন। একসাথে ইফতার করার সময় সবাই যেন হারিয়ে গিয়েছিলেন স্মৃতির গহীনে। কেউ কেউ ফিরে যাচ্ছিলেন সেই মাদ্রাসার ডে’র স্মৃতিতে।
অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ ওমর ফারুক বলেন, “৬৮ বছরের এই প্রতিষ্ঠান আমাদের জন্য শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। আজ আমরা যারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছি, এই একটি দিনের জন্য সবাই মিলে আবারও হয়ে উঠি এক।” এই আয়োজনে যাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা ছিল তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল।
প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ও বর্তমানে ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ রেজাউল করিম বলেন, “এই মাদ্রাসার দেয়া শিক্ষা আজ আমার পেশাগত জীবনের মূল ভিত্তি।” এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মোঃ কামরুল হাসান,জাহাঙ্গীর আলম,আবুবকর,ওলি মাহমুদ, আলমগীর হোসাইন, নাঈমুর রহমান,মোতাসিম,রূপক,মিজানুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাই একসাথে মিলে প্রতিষ্ঠানের উন্নয়ন ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সভাপতি হাফেজ মাওলানা দৌলত আলী সাহেব সকলের উদ্দেশ্যে বলেন, “আপনাদের এই সম্মিলিত প্রচেষ্টাই আমাদের প্রেরণা। এই বন্ধন যেন অটুট থাকে, সেটাই আমাদের কামনা।”
সন্ধ্যায় মাগরিবের আজানের সাথে সাথে সমাপ্তি হয় এই মিলনমেলার। কিন্তু চলে যায় না স্মৃতির মধুর গন্ধ, না ফুরায় আবারও মিলিত হওয়ার আশা। সবাই বিদায় নেন এই শপথ নিয়ে যে, আগামী বছর আবারও এই প্রাঙ্গণ মুখরিত করবেন বন্ধুত্ব ও স্মৃতির মধুর সুরে।
এভাবেই কাপাশিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা শুধু একটি অনুষ্ঠানই নয়, হয়ে উঠলো এক জীবন্ত ইতিহাস, যেখানে অতীত ও বর্তমানের সেতুবন্ধ রচিত হয় নতুন আশা আর সম্ভাবনার সূত্র ধরে।



