নিজস্ব প্রতিবেদক,
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলায় সর্বমোট ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এই বাহিনী মোতায়েন করা হয়।
বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, মোতায়েনকৃত বাহিনীর মধ্যে ঢাকা জেলায় ২৩ প্লাটুন, গোপালগঞ্জ জেলায় ২৭ প্লাটুন, চট্টগ্রাম ও গাজীপুর জেলায় ১৫ প্লাটুন করে, নারায়ণগঞ্জ জেলায় ৬ প্লাটুন, ফরিদপুর জেলায় ৩ প্লাটুন এবং ময়মনসিংহ জেলায় ২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া জরুরি প্রয়োজনে মোতায়েনের জন্য আরও ৫ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাঠে কাজ করছেন। জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং স্পর্শকাতর স্থানগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে সদস্যরা তৎপর রয়েছেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিশেষ ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত সরাসরি (লাইভ) ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
সীমান্তের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিজিবি সদস্যরা পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছেন বলে সদর দপ্তর থেকে জানানো হয়েছে।



