সংলাপ রিপোর্ট ।
২০২৪ সালের চব্বিশের গণ-অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা পালন করা এবং পরবর্তীকালে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সহকারী পুলিশ সুপার (এএসপি) ও তার ওপরের পদমর্যাদার ১৪৭ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার অভিযোগে বিসিএস পুলিশ ক্যাডারের ৬২ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এর মধ্যে ৩১ জনকে ইতোমধ্যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং বাকি ৩১ জনের বিরুদ্ধে মামলা কার্যক্রম চলমান রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপস্থাপিত এক অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অগ্রগতি প্রতিবেদনের মূল তথ্য
পলাতক ও সাময়িক বরখাস্ত: ২০২৪ সালের ৫ আগস্ট-কেন্দ্রিক ঘটনায় কর্মস্থলে অনুপস্থিত বা পলাতক থাকার কারণে এএসপি ও তদূর্ধ্ব পদমর্যাদার ৫৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করা হয়। এর মধ্যে ২৮ জনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং একজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
ফৌজদারি ও ট্রাইব্যুনালের মামলা: গণ-অভ্যুত্থানকেন্দ্রিক বিভিন্ন ফৌজদারি মামলা, আদালতে দায়ের করা অভিযোগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার ২৯ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের মধ্যে উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
ট্রাইব্যুনালের রায় অনুযায়ী ব্যবস্থা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর ২০২৫ সালের চারটি মামলার রায়ের ভিত্তিতে এএসপি ও তদূর্ধ্ব পদমর্যাদার ১৩ কর্মকর্তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদের মধ্যে দণ্ডপ্রাপ্ত পাঁচ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং বাকি আট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে।
পরিদর্শক পর্যায়ে ব্যবস্থা: গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন ঘটনার জেরে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত বা অপসারণ করা হয়েছে এবং আরও ৩০ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ছাড়া অভ্যুত্থান-পরবর্তী সময়ে পরিদর্শক পদমর্যাদার ৭৩ কর্মকর্তাকে সরকার অবসরে পাঠিয়েছে।
বিতর্কিত কর্মকর্তাদের পুনঃপদায়ন নিয়ে সংসদীয় কমিটিতে উদ্বেগ
বৈঠকে গণ-অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা পালনকারী কর্মকর্তাদের পুনরায় গুরুত্বপূর্ণ থানায় পদায়ন করা নিয়ে প্রশ্ন তোলেন সংসদ সদস্যরা।
কমিটির সদস্য শিরীন সুলতানা বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যেসব পুলিশ কর্মকর্তা বিতর্কিত ভূমিকা রেখেছিলেন বা শাস্তির মুখে পড়েছিলেন, তারা কীভাবে নরসিংদী ও ঢাকার আশপাশের গুরুত্বপূর্ণ থানায় পুনরায় পদায়ন পাচ্ছেন। তিনি এ বিষয়ে দ্রুত তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।
কমিটির আরেক সদস্য মনোয়ার হোসেন উল্লেখ করেন, গুম কমিশনের প্রতিবেদনে যাদের নাম এসেছে এবং যারা বিভাগীয় শাস্তি পেয়েছেন, তাদের অনেকে এখনো বিভিন্ন পদে বহাল রয়েছেন। এসব কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে তিনি স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহাপরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করেন।



