বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে একযোগে ১০ কর্মকর্তা পদে রদবদল আনা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার এসব কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও সার্কেলে বদলি ও পদায়ন করা হয়।
বুধবার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাকে ট্যুরিস্ট পুলিশ থেকে র্যাবে এবং আরিফা আশরাফ পিংকিকে পুলিশ স্টাফ কলেজ থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া রাজবাড়ীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামকে বান্দরবানের সদর সার্কেলে এবং সিআইডিতে কর্মরত আবু তালেবকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেলে বদলি করা হয়।
একই দিন জারি করা অন্য এক প্রজ্ঞাপনে, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমান এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান খানকে পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, র্যাবে কর্মরত চার সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন সার্কেলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে মো. মাহফুজুর রহমানকে রাঙ্গামাটির বাঘাইছড়ি, এইচ এম গোলাম রাব্বিকে ঝিনাইদহের শৈলকূপা, এ আর এম মোজাফফর হোসেনকে চট্টগ্রামের মীরসরাই এবং মো. মশিহুর রহমান সোহেলকে বাগেরহাটের ফকিরহাট সার্কেলের দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সাথে, ফকিরহাট সার্কেলের এএসপি মো. রাশেদুল ইসলাম রানাকে বরিশালের মেহেন্দিগঞ্জ সার্কেলে এবং শৈলকূপা সার্কেলের এএসপি মো. আখতারুজ্জামানকে সাতক্ষীরার তালা সার্কেলে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



