বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ
ঢাকা: প্রশাসন ও রাষ্ট্রীয় পরিচালনা ব্যবস্থায় গতিশীলতা আনয়ন এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে সরকার। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা’ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব পদ ব্যতীত বাকি ১১টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থায় ‘গ্রেড-২’ পদমর্যাদায় এই নিয়োগ কার্যকর করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তারা যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছরের জন্য স্ব স্ব পদে দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে মো. সালাহ্উদ্দিন সরকার এবং বাংলাদেশ বোয়েসেলে (BOESL) ব্যবস্থাপনা পরিচালক পদে মোহাম্মদ রাশেদুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
অন্যদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান পদে এ টি এম আবদুল বারী ড্যানী এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে মো. কামরুজ্জামান (দুলাল)-কে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত বৃহৎ শিল্প ও সেবা সংস্থাগুলোর মধ্যে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে আবদুল খালেক, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান পদে মো. শামসুজ্জামান (সুরুজ) এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে কাজী রওনাকুল ইসলাম (টিপু) নিয়োগ পেয়েছেন।
এছাড়া বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান হিসেবে মো. জাকির সিদ্দিকি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান পদে বেনজীর আহমেদ, বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান পদে মো. মামুন হাসান এবং নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে মো. সামসুল আলম চুক্তিভিত্তিক নিয়োগ লাভ করেছেন।
নিয়োগের শর্তাবলীতে স্পষ্টভাবে জানানো হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে বিদ্যমান সব ধরনের কর্ম-সম্পর্ক ছিন্ন করে এ দায়িত্বে যোগদান করতে হবে। রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহের মেয়াদভিত্তিক সফল বাস্তবায়ন ও প্রশাসনিক দক্ষতা নিশ্চিতেই এ পদে রদবদল ও পদায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে।



