সাভার প্রতিনিধি:
ঢাকার অতি সন্নিকটে অবস্থিত গুরুত্বপূর্ণ জনপদ সাভার পৌরসভাকে আধুনিকায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি মাদকমুক্ত ও নিরাপদ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন গণঅধিকার পরিষদের উদীয়মান তরুণ নেতা মনিরুল ইসলাম মাসুম। আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী এই নেতা উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সাভারের ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।
ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুম তরুণ ও পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিক হিসেবে এলাকায় পরিচিত। সাভারের উন্নয়নের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, ‘সাভার ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। সুযোগ পেলে আমি সাভারকে ঢাকার আধুনিকতার আদলে সাজিয়ে তুলব। নাগরিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করাই হবে আমার প্রথম ও প্রধান লক্ষ্য।’
সাভারের বর্তমান সামাজিক সংকট নিরসনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে সাভারের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার এবং সন্ত্রাসী কার্যক্রম জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আমি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে প্রথমেই মাদকের আখড়া নির্মূল ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। সাভারবাসীকে একটি নিরাপদ ও শান্তিময় পরিবেশ উপহার দেওয়া আমার অঙ্গীকার।’
সাভার একটি শিল্পপ্রধান এলাকা হওয়ায় এখানকার শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন এই নেতা। তিনি বলেন, ‘সাভারে বিপুল সংখ্যক শ্রমিক ভাই-বোন বসবাস করেন, যারা এখানকার অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। তাদের ন্যায্য অধিকার রক্ষা এবং জীবনযাত্রার মানোন্নয়নে আমি নিয়মিত কাজ করতে চাই। শ্রমিক ও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই আমার রাজনীতির মূল ভিত্তি।’
আগামী পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি অত্যন্ত আশাবাদী। নিজের পরিশ্রম এবং সাধারণ মানুষের সমর্থনে সাভারকে একটি ‘রোল মডেল’ পৌরসভা হিসেবে গড়ে তুলতে তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
সাভারকে আধুনিক ও মাদকমুক্ত শিল্পাঞ্চল হিসেবে গড়তে চান তরুণ নেতা মনিরুল ইসলাম মাসুম
Date:



