ষ্টাফ রিপোর্টার
বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এইডিস মশাবাহিত এই রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ জনে।
একই সময়ে সারা দেশে নতুন করে ৪২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরের এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৭০৫ জনে। নতুন মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন বরিশাল বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।
চলতি ডিসেম্বর মাসের প্রথম নয় দিনে ডেঙ্গুতে মারা গেছেন ১৯ জন। এর আগে নভেম্বর মাসে ১০৪ জন, অক্টোবর মাসে ৮০ জন এবং সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যু হয়েছে। অন্যান্য মাসগুলোতে মৃত্যু ছিল—জুলাই মাসে ৪১ জন, জুন মাসে ১৯ জন, মে মাসে তিনজন, এপ্রিল মাসে সাতজন, ফেব্রুয়ারিতে তিনজন ও জানুয়ারিতে ১০ জন। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
অপরদিকে, রোগী ভর্তির দিক থেকে নভেম্বর মাস ছিল শীর্ষে, যখন ২৪ হাজার ৫৩৫ জন ভর্তি হন। এর আগে অক্টোবরে ২২ হাজার ৫২০ জন, সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন এবং জুন মাসে ৫ হাজার ৯৫১ জন রোগী ভর্তি হয়েছেন। ডিসেম্বরের এই নয় দিনে ৪ হাজার ৩০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন ।



