দৈনিক সংলাপ প্রতিবেদক : দেশের সকল স্তরে দূর্নীতি ও অপরাধ নির্মূলে কাজ করছে ‘স্বাধীন বাংলা দূর্নীতি দমন ঐক্য,’ একে নেতৃত্ব দিচ্ছেন দেশের বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডা: এম মাহিদুল ইসলাম জিহাদ। ৫ই আগস্ট ২০২৪ এ স্বৈরাচার পতনের পর সৃষ্ট আইনশৃঙ্খলার চরম সংকটময় পরিস্থিতিতে ৭ই আগস্ট এই সংগঠনের যাত্রা শুরু হয়। বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত আহবায়ক কমিটির নেতৃত্বে দেশকে দূর্নীতিমুক্ত করতে নিরলসভাবে কাজ করে চলেছে এই সংগঠন।
সংগঠনের আহবায়ক ডা: এম মাহিদুল ইসলাম জিহাদ একান্ত সাক্ষাৎকারে বলেন, “স্বৈরাচার শাসনামলে দেশের প্রতিটি সেক্টরে দূর্নীতির জাল ছড়িয়ে পড়ে। সাধারণ নাগরিক হিসেবে আমরা যেমন কোন সঠিক সেবা গ্রহণ করতে পারিনি, তেমনি আমাদের অধিকারও পদদলিত হয়েছে। তাই আমরা নাগরিকদের জন্য একটি প্লাটফর্ম তৈরি করার চিন্তা করি, যেখানে দল-মত নির্বিশেষে সকলের জন্য আইনের সুশাসন নিশ্চিত হবে এবং জনগণ নিজের অধিকার সম্পর্কে অবগত হতে পারবে।”
প্রধান কার্যক্রম এবং লক্ষ্য:
স্বাধীন বাংলা দূর্নীতি দমন ঐক্য মব জাস্টিসের বিরুদ্ধে কাজ করার মাধ্যমে জনগণকে ন্যায়ের পথে চলতে উদ্বুদ্ধ করে এবং প্রয়োজনের সময় প্রশাসনের জবাবদিহিতার দাবী করে। এছাড়া যারা আইনগত সাহায্য পেতে অজ্ঞ বা ভীত, তাদের আইনের সহযোগিতায় স্বচ্ছতার সঙ্গে সহায়তা করা হয়। প্রশাসন ও আমলাতান্ত্রিক ব্যক্তিবর্গ, যারা স্বৈরাচার আমলে দূর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদেরও জবাবদিহিতার আওতায় আনা হয়।
এই সংগঠনটি অপহৃত কিশোরী উদ্ধারের পাশাপাশি ব্যবসায়ীদের প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্যও কাজ করছে। এছাড়া সরকারি-বেসরকারি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলো জনগণকে সঠিক সেবা দিচ্ছে কিনা তা নজরদারির মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছে সংগঠনটি।
সংগঠনটির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় নেতৃত্ব প্রদানকারী ছাত্র নেতা মো: মোস্তাফিজুর রহমান জানান, “মানুষের আস্থা দিন দিন আমাদের প্রতি বৃদ্ধি পাচ্ছে। জনকল্যাণের জন্য আমাদের বিভিন্ন সদস্য নিঃশব্দে কাজ করে যাচ্ছেন, তবে আমাদের দলের অধিকাংশ সদস্য গোপনে কাজ করছেন, তাদের নাম জনসম্মুখে প্রকাশ করা হয় না।”
ভবিষ্যৎ পরিকল্পনা:
ডা: জিহাদ ও মো:মোস্তাফিজুর রহমান জানান, দেশের প্রতিটি জেলায় একটি বিশেষ টিম গঠনের পরিকল্পনা করা হয়েছে, যাতে দেশের সকল অঞ্চলের মানুষ এই প্লাটফর্মের মাধ্যমে উপকৃত হতে পারে। নানা পেশা, রাজনৈতিক এবং ধর্মীয় মতের ব্যক্তিদের নিয়েই গঠিত এই প্লাটফর্মে সকলের পরিচয় একটিই—বাংলাদেশি।
সংগঠনের মিশন:
স্বাধীন বাংলা দূর্নীতি দমন ঐক্যের মিশন হচ্ছে জনকল্যাণ ও আইনের শাসন প্রতিষ্ঠা। দূর্নীতি ও অপরাধ নির্মূলের এই কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের মধ্যে ন্যায় বিচার এবং সততার প্রতি শ্রদ্ধা সৃষ্টি হচ্ছে। এই শক্তিশালী উদ্যোগ দেশকে একটি দূর্নীতিমুক্ত ও নিরাপদ সমাজ গড়ার পথে নিয়ে যাচ্ছে।



