সাভার প্রতিনিধি : ঢাকার সাভারে এশিয়ান ওয়েল নামে একটি মবিল তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানায় ভেতরে থানা আসবাপত্র ও মেশিন এবং তৈরি মবিল আগুনে পুড়ে গেছে।
রোববার (১০ নভেম্বর) বেলা ১২ টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের জয়নাবাড়ি মহল্লায় ওই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসে জানায়, ১২ টার দিকে এশিয়ান ওয়েল নামে ওই মবিল কারখানায় আগুন লাগে। পরে ১২ টার ৫ মিনিটে সাভার ফায়ার সার্ভিসকে কারখানা কর্তৃপক্ষ আগুন লাগার বিষয়টি জানায় । এরপরে সাভার ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, ১২টা ৫ মিনিটে আমাদের কাছে অগ্নিকান্ডের খবর আসে। পরে আমাদের ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থল যায়। পরে প্রায় ১ ঘন্টা চেষ্টায় বেলা ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটে এবং ক্ষয়-ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।



