নেত্রকোনা প্রতিনিধি
বগুড়া সদর আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাতে তাকে গ্রেপ্তার করার কথা র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়।
গণ আন্দোলনের মুখে অগাস্টে ক্ষমতার পালাবদলের পর থেকে একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টার বিভিন্ন মামলায় তাদের আসামি করা হচ্ছে।
র্যাব জানিয়েছে, রিপুর বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। র্যাব-১৪ এর সদস্যরা তাকে মোহনগঞ্জ থেকে নেত্রকোণায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে জয়ী হন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। চলতি বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে জয় পেয়ে সংসদ সদস্য হন তিনি।
৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরপরই অগ্নিসংযোগ করা হয় রিপুর বাড়ি ও গাড়িতে। সেদিনের পর থেকেই তার বাড়িতে ঝুলছে তালা, পরিবারসহ আত্মগোপনে ছিলেন তিনি।



