দৈনিক সংলাপ রিপোর্ট
পোশাক কারখানাসহ দেশের প্রধান প্রধান শিল্পাঞ্চলগুলোতে সার্বিক নিরাপত্তা জোরদার, শান্ত পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় মোট ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিল্পাঞ্চলে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যদের মধ্যে রাজধানী ঢাকার মিরপুরে ৩ প্লাটুন, শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা ব্যবস্থা কঠোর ও আধুনিক করতে প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (APC) এবং রায়ট কন্ট্রোল ভেহিকল (RCV)। এছাড়া প্রযুক্তিনির্ভর নজরদারির অংশ হিসেবে ড্রোনের মাধ্যমে এলাকাগুলোতে সরাসরি বা ‘লাইভ’ মনিটরিং অব্যাহত রয়েছে । দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা ব্যবহার করছেন আধুনিক বডি ওরন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওরন ক্যামেরা।
বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সারা দেশের এসব নিরাপত্তা ও টহল কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয় রেখে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
শরিফুল ইসলাম আরও জানান, শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনা ও বজায় রাখতে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে।



