সংলাপ রিপোর্ট
নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার মানুষের দীর্ঘ ১১০ বছরের পুরোনো স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের লক্ষ্যে উচ্চপর্যায়ের পরিদর্শনের মাধ্যমে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় লাখো মানুষ।
বুধবার (১৩ মে) দুপুরে নেত্রকোণার ‘সিংহপুরুষ’ খ্যাত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রেললাইন সম্প্রসারণের প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাইমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। পরিদর্শন শেষে বিকেলে দুর্গাপুর পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে স্থানীয় সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের মতে, দুর্গাপুর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি। জারিয়া থেকে মাত্র ১২-১৪ কিলোমিটার রেললাইন সম্প্রসারণ করা গেলে রাজধানী ঢাকার সাথে সরাসরি ও নিরাপদ রেল যোগাযোগ স্থাপিত হবে। এতে করে এই অঞ্চলের কৃষি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসা স্থানীয় বাসিন্দারা এবার প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, বর্তমানে সড়কপথে পণ্য পরিবহনে খরচ অনেক বেশি এবং মালামাল নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। ট্রেন চালু হলে সাশ্রয়ী মূল্যে পণ্য আনা-নেওয়া করা যাবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে হ্রাস পাবে।আজকের এই সদুর প্রসারি ঘোষনায় সড়ক পরিবহন ও সেতু এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রসিদের উপস্থিতি নতুন মাত্রা যোগ করেছে ।
শিক্ষার্থীদের মাঝেও এই প্রকল্প নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। শিক্ষার্থী দুর্জয় জানান, “এটি শুধু আমার নয়, দুর্গাপুরের সকল শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষার নতুন দুয়ার খুলে দেবে। এখন ময়মনসিংহ বা ঢাকায় যাতায়াত হবে স্বপ্নের মতো আরামদায়ক ও নিরাপদ।” অন্যদিকে, আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি নমিতা জানান, বাসের চড়া ভাড়ার কারণে সাধারণ মানুষের যাতায়াতে হিমশিম খেতে হয়। রেল চালু হলে প্রান্তিক মানুষ কম খরচে চিকিৎসা ও কাজের প্রয়োজনে শহরে যেতে পারবে।
উল্লেখ্য যে, আজ থেকে প্রায় শতাধিক বছর আগে শ্যামগঞ্জ থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন আনার পরিকল্পনা থাকলেও নানা জটিলতায় তা থমকে গিয়েছিল। বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও এর আগে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এবার ডেপুটি স্পিকারের সরাসরি তদারকিতে প্রকল্পের কাজ শুরুর জোর সম্ভাবনা তৈরি হওয়ায় দুর্গাপুরবাসীর দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ সময় পূর্ব ধলা বিএনপির আহবায়ক আবু তাহের তালুকদার উপস্থিত ছিলেন ।



