সংলাপ রিপোর্ট
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে গত সেপ্টেম্বর-২০২৬ মাসে অভিযান চালিয়ে সর্বমোট ২৫৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৩ কেজি ৪৩৮ গ্রাম স্বর্ণ, ১৮,৮৭২ পিস শাড়ি, ৩,৮০৮টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২,৫২৮টি তৈরি পোশাক, ১,৩১৮ মিটার থান কাপড়, ২,৬৪৭টি ইমিটেশন গহনা, ৩,০৯,২৪৬টি কসমেটিক্স সামগ্রী, ২০,৮৭,৮০৯ পিস আতশবাজি, ১,৯১২ ঘনফুট কাঠ, ১,৪০,২১৭ কেজি কয়লা, ৫,০৩৬ ঘনফুট পাথর, ৩,৬১১ কেজি চা পাতা, ৫,০৩৫ কেজি সুপারি, ৭১৩টি মোবাইল, ৬,২৯৩ পিস মোবাইলের ডিসপ্লে, ৯,৪০৭ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৫১,৫৫০ পিস জিলেট ব্লেড, ১৩,৪৩৫টি চশমা, ৪,৩৩,২৬০ প্যাকেট চকলেট, ১৬৩ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ১,৬০৫ কেজি বাংলাদেশি পাট, ৪৬,৮১২ কেজি জিরা, ২০,৫৭৮ কেজি রসুন, ৮,৩৫৭ কেজি চিনি, ২০,৩২৩ কেজি সার, ১৫,৪০,০০৮ পিস চিংড়ি মাছের পোনা, ৭৫ কেজি কারেন্ট জাল, ১,৩৫৯ লিটার ভোজ্য তেল, ৮৯,৬০০ পিস ইলেকট্রিক রেজিস্টান ও চিকিৎসা সামগ্রী, ১,০৭৩ প্যাকেট কীটনাশক, ৭,০০,৩৩৯ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ১৬টি কষ্টি/বেলে পাথর এবং ৭৬ কেজি কারেন্ট জাল।
এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত বিভিন্ন যানবাহন জব্দ করা হয়েছে। যার মধ্যে রয়েছে— ৬টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৮টি পিকআপ, ৩টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ১০৩টি সিএনজি, ইজিবাইক, অটোরিক্সা ও ঠেলাগাড়ি, ৭৪টি মোটরসাইকেল, ৩১টি বাইসাইকেল ও ভ্যান এবং ৬৯টি নৌকা।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— ২টি এমজি, ৩টি রাইফেল, ৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি অন্যান্য অস্ত্র, ৩টি ম্যাগাজিন, ৬৪ রাউন্ড গোলাবারুদ, ৫২ কেজি বিস্ফোরক সালফার এবং ৪ কেজি অন্যান্য বিস্ফোরক দ্রব্য।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ৪৬,৯৪,৬০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৮ গ্রাম হেরোইন, ১,৪১৮ বোতল ফেনসিডিল, ১১,৯২৫ বোতল বিদেশি মদ, ১৬৫.২৫ লিটার বাংলা মদ, ৭১৬ ক্যান বিয়ার, ১,৭১৫ কেজি গাঁজা, ৪,৯৮৯ বোতল ইস্কাফ সিরাপ, ৮,৫২৪ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ২,০১৮ পিস অ্যানেগ্রা ও স্যানেগ্রা ট্যাবলেট, ১,৮৩,৩৭০ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ২,১৫,৫৮৬টি বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট।
সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৮ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫৮ জন বাংলাদেশি নাগরিক, ৭ জন ভারতীয় নাগরিক ও ২০১ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



