নিজস্ব প্রতিবেদক
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারণার এক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন জানান, ২০০৮ সালে দায়ের হওয়া একটি প্রতারণা মামলায় আদালত বিদিশাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। আদালতের সেই সাজা পরোয়ানা জারির ভিত্তিতেই গুলশান থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বারিধারার ‘প্রেসিডেন্ট পার্ক’-এর একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা করা হয়েছে—এমন অভিযোগে ২০০৮ সালে রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি জরিমানা অনাদায়ে অতিরিক্ত সাজা প্রদান করা হয়। রায়ের পর পরোয়ানা জারি হলে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।



