নিজস্ব প্রতিবেদক
মাল্টিলেভেল মার্কেটিং (MLM) ও ক্রিপ্টোকারেন্সির আড়ালে বহুল আলোচিত ‘এমটিএফই’ (MTFE) প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া বড় অংকের অর্থ দেশে ফেরত এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আন্তর্জাতিক ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে সফলভাবে প্রায় ৩.৬ মিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৪ কোটি ১৪ লাখ টাকারও বেশি, উদ্ধার করে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকে জমা করা হয়েছে।
সিআইডি জানায়, ২০২৩ সালে খিলগাঁও থানায় জনৈক বিনিয়োগকারীর করা একটি মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডির সাইবার টিম। তদন্তে দেখা যায়, বিনিয়োগকারীদের কয়েকশ কোটি টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আন্তর্জাতিক এক্সচেঞ্জ ‘ওকে এক্স’ (OKX)-এ পাচার করা হয়েছে। পরবর্তীকালে সিআইডির বিশেষ অনুরোধে ওকে এক্স কর্তৃপক্ষ পাচারকৃত অর্থ ফেরত দিতে সম্মত হয়।
জটিল আইনি প্রক্রিয়ার সফল সমাপ্তি
বিদেশে পাচার হওয়া ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি ফেরত আনা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। সিআইডি এই প্রক্রিয়া সম্পন্ন করতে আদালতের অনুমতি গ্রহণ করে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘অ্যাসেট রিও লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা নেয়। গত ২৫ মার্চ ২০২৬ তারিখে পাচারকৃত এই বিশাল অংকের অর্থ ডলারে রূপান্তর করে সোনালী ব্যাংক পিএলসি-র মালিবাগ শাখায় সিআইডির একটি বিশেষ অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।
সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের চৌকস অফিসার সিআইডির ডিআইজি আবুল বাশার তালুকদার জানান,এটি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রথম বড় ও সফল উদাহরণ। উদ্ধারকৃত এই অর্থ এখন আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মাঝে বিতরণের উদ্যোগ নেওয়া হবে।সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এমটিএফই-র মাধ্যমে আরও কত টাকা পাচার হয়েছে তা শনাক্ত করার কাজ চলছে। এই সফলতাকে মডেল হিসেবে ব্যবহার করে ভবিষ্যতে অন্যান্য পাচার হওয়া অর্থও দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি। একই সাথে সাধারণ মানুষকে এই ধরণের অ্যাপ-ভিত্তিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



