নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর পল্লবীতে একটি ব্যবসায় প্রতিষ্ঠানে ঢুকে মো. ইউসুফ চৌধুরী (৩৬) নামের এক কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। গত ২৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ৩:১০ মিনিটে পল্লবী থানাধীন ‘আর্টিকেল স্ট্রাকচার লিমিটেড’ নামক প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।
আহত ইউসুফ চৌধুরী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পটুয়াখালীর নান্দাইল এলাকার মাহাবুব চৌধুরীর ছেলে এবং ওই প্রতিষ্ঠানের কেয়ারটেকার হিসেবে কর্মরত।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল গভীর রাতে আশিক (২৬), ইব্রাহিম (২৬), ইমন (২২) ও পারভেজ (২৬)-সহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে প্রতিষ্ঠানে প্রবেশ করে। বিবাদীরা অতর্কিতভাবে ইউসুফের ওপর হামলা চালায়। ১নং বিবাদীর হুকুমে ২নং বিবাদী ধারালো চাপাতি দিয়ে ইউসুফের মাথায় কোপ মারার চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তার বাম হাতের আঙুল কেটে গিয়ে গুরুতর জখম হয়।
পরবর্তীতে ৩নং বিবাদী ধারালো ছ্যান দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে পুনরায় মাথায় কোপ মারলে তার ডান হাতেও মারাত্মক আঘাত লাগে। তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা লাঠি, হাতুড়ি ও ছ্যান দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেয়।
আহতের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে ইউসুফ চৌধুরী বাদী হয়ে পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন। এজাহারে তিনি ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পল্লবী থানা সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



