দৈনিক সংলাপ প্রতিনিধি:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন আজহারুল ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মামলার রহস্য উদঘাটন এবং জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
গত মাসের মাসিক অপরাধ সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে এই পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তুলে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল বাশার তালুকদারসহ ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রদানকালে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা ওসি আজহারুল ইসলামের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি ভবিষ্যতে তাকে আরও নিষ্ঠার সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধ নিয়ন্ত্রণে উৎসাহিত করবে।
পুরস্কার প্রাপ্তির পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওসি আজহারুল ইসলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার থানার সকল সহকর্মীর সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন।
ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম
Date:



