নিজস্ব প্রতিবেদক
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিতর্কিত অতিরিক্ত সচিব বদরুন নাহারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। টাকার বিনিময়ে অভিযুক্ত শিক্ষকদের শাস্তি থেকে অব্যাহতি দেওয়া এবং বদলি বাণিজ্যের মতো গুরুতর অভিযোগ ওঠার পর তাকে এই দপ্তর থেকে সরিয়ে দেওয়া হলো।
সোমবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
সংশ্লিষ্ট সূত্র এবং ভুক্তভোগীদের অভিযোগ, বদরুন নাহার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে থাকাকালীন নানা অনিয়ম ও দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলেন। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে শুরু করে বিভিন্ন সময়ে শিক্ষক বদলি এবং শৃঙ্খলাজনিত অভিযোগ থেকে শিক্ষকদের অবৈধ সুবিধা দেওয়ার পেছনে তার সরাসরি সম্পৃক্ততা ছিল।
অভিযোগে প্রকাশ, তদন্তে দোষী সাব্যস্ত হওয়া কিংবা বিভিন্ন অপরাধে অভিযুক্ত শিক্ষকদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভাগীয় অব্যাহতি দিতেন এই কর্মকর্তা। একই সাথে কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে বদলি নিশ্চিত করতে তিনি বিপুল পরিমাণ ‘ঘুষ’ গ্রহণ করতেন বলে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন মহলে তীব্র সমালোচনা চলছিল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সাধারণ কর্মকর্তা-কর্মচারী এবং ভুক্তভোগী শিক্ষকদের দাবি, কেবল বদলি করাই এই ধরণের দুর্নীতির একমাত্র সমাধান নয়। অন্তর্বর্তী সরকারের আমল থেকে শুরু হওয়া তার এই অনিয়ম ও অবৈধ আর্থিক লেনদেনের বিষয়ে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।



