গাজীপুর, টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী এরশাদ নগরে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল ২৯ নভেম্বর শুক্রবার বিকেলে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, গত মঙ্গলবার রাতে একদল সন্ত্রাসী রামদা, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মোহরা এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এরশাদনগর এলাকায় অন্তত ১০টি বসতবাড়িতে হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া মহিলা দলের নেত্রী লাইলি বেগম বলেন, ‘মারামারি চলাকালে গাজীপুর মহানগরীর ৪৯ নম্বর যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেনের লোকদের কাছে কারণ জানতে চাইলে যুবদল নেতা মঞ্জুর হোসেন, মইজুদ্দিনসহ অনেকে নারীদের মারধর করেন। আমার গলায় ছুরি ধরে বলেন ‘কামুর লোকজন একটা করে ধরব, আর জবাই করব।’
এ ব্যাপারে অভিযুক্ত যুবদল নেতা মঞ্জুর হোসেন বলেন, ‘মানববন্ধনে লাইলি বেগম আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের কোনো প্রমাণ পাওয়া গেলে প্রশাসন যে শাস্তি দেবে তা মাথা পেতে নেব।’



