সংলাপ রিপোর্ট:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ সোহরাব আল হোসাইন। গত ১ মে তিনি আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি ডিএমপি’র ডিবি সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। গত ২৮ এপ্রিল ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক এক আদেশে তাকে খিলক্ষেত থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।
নবনিযুক্ত এই কর্মকর্তাকে খিলক্ষেত এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিক মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, নতুন ওসির নেতৃত্বে খিলক্ষেত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটবে। বিশেষ করে কিশোর গ্যাং, মাদক কারবারি, চাঁদাবাজ এবং বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করবেন বলে সাধারণ মানুষ মনে করছেন। এলাকাবাসীর দাবি, খিলক্ষেত থানা এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ জনপদে পরিণত করতে পুলিশি নজরদারি আরও জোরদার করা হোক।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মোঃ সোহরাব আল হোসাইন বলেন, “খিলক্ষেত এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। কোনো প্রকার অন্যায় বা বেআইনি কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।” তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালনে স্থানীয় জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
খিলক্ষেত থানায় নতুন ওসি সোহরাব আল হোসাইনের যোগদান
Date:



