নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের মন্তব্য করেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপসহীন না হলে আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনামলের আগেই দেশটি ‘ভারতের দখলে চলে যেতে পারত’।
সোমবার (১ ডিসেম্বর) বিকালে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন।
গত ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর সুস্থতা কামনায় দোয়া চেয়ে জামায়াত নেতা তাহের বলেন, “আমি আজ অত্যন্ত বেদনা, উদ্বেগ, উৎকণ্ঠার সঙ্গে খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি।”
তিনি খালেদা জিয়াকে একজন ‘দেশপ্রেমিক মানুষ’ এবং ‘গণতান্ত্রিক নেত্রী’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে এই স্বাক্ষী দিতে পারি যে, ওনার আপসহীন রাজনীতির কারণেই বিগত ১৫ বছর যেভাবে দেশটা ভারতের দখলে গিয়েছিল, তার অনেক আগে যেতে পারত। উনার দৃঢ়তার কারণে সেটা সম্ভব হয়নি।”
তাহের আরও বলেন, “আজ উনি কোনো দলের নেত্রী নন। উনি সমগ্র মানুষের নেত্রী। ওনার প্রতি আমাদের আবেগ ভালোবাসা আছে। আমি ব্যক্তিগতভাবে গভীর শ্রদ্ধা জানাচ্ছি; আরোগ্য কামনা করছি।”
এসময় তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইতোমধ্যেই খালেদা জিয়ার সুস্থতা কামনায় একাধিক কর্মসূচি (প্রোগ্রাম) দেওয়া হয়েছে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জামায়াত নেতা তাহের ভবিষ্যতের রাজনীতি ও নির্বাচনের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, “দেশের আজকের এই প্রেক্ষাপটে আগামী রাজনীতি এবং নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভেতরে আরও অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া ও নীতিগত ঐক্য প্রয়োজন।”



