স্টাফ রিপোর্টার, সিলেট:
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন অভিজ্ঞ ও চৌকস পুলিশ কর্মকর্তা সহিদুর রহমান। গত শনিবার (২৮ মার্চ) রাতে তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি সিলেটের নগর বিশেষ শাখায় (সিটিএসবি) পুলিশ পরিদর্শক হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে কর্মরত ছিলেন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মনজুরুল আলম এই পদায়নের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের অভ্যন্তরীণ এক আদেশে তাকে এয়ারপোর্ট থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গত ২৫ ফেব্রুয়ারি তৎকালীন ওসি শাহ মোবাশ্বির আলীকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল।
সহিদুর রহমানের মতো একজন দক্ষ কর্মকর্তা এয়ারপোর্ট থানার দায়িত্বে আসায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও ইতিবাচক আবহ তৈরি হয়েছে। বিশেষ করে বিমানবন্দর এলাকা এবং এর আশপাশের অঞ্চলে মাদক সিন্ডিকেট ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে তার পূর্বের কাজের অভিজ্ঞতা বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
যোগদানের পর পরই ওসি সহিদুর রহমান মাদক, সন্ত্রাস এবং সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) নীতি অনুসরণের ইঙ্গিত দিয়েছেন। থানা এলাকাকে সম্পূর্ণ নিরাপদ ও সাধারণ মানুষের জন্য পুলিশের সেবা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য । একটি গতিশীল, জনবান্ধব ও অপরাধমুক্ত থানা গড়তে ওসি সহিদুর রহমান সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।



