অর্থনৈতিক প্রতিবেদক, দৈনিক সংলাপ
ঢাকা: সংকটে পড়া আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনার ভার অবশেষে পুরনো উদ্যোক্তাদের হাতেই ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদে (বোর্ড) আরও ১৪ জন উদ্যোক্তা শেয়ারহোল্ডারকে যুক্ত করা হয়েছে।
গত বুধবার (১৫ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বলে দৈনিক সংলাপকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকটির পর্ষদ ভেঙে দিয়ে ৫ সদস্যের স্বতন্ত্র পরিচালক দিয়ে এটি পরিচালনা করা হচ্ছিল। নতুন করে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত হওয়ায় ব্যাংকটির বর্তমান মোট পরিচালক সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের ভাই আব্দুস সামাদ লাবু।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বিগত সময়ে কেন্দ্রীয় ব্যাংক যে ১৬টি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছিল, তার মধ্যে আল-আরাফাহ ব্যাংকের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে।তিনি আরও বলেন:অন্যান্য যে সব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছিল, তাদের অধিকাংশেরই উদ্যোক্তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আল-আরাফাহ ব্যাংকের ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। ব্যাংকের আর্থিক অগ্রগতি এবং উদ্যোক্তাদের ইতিবাচক ভূমিকার কারণেই পরিচালনারপরিচালনার ভার পুনরায় তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।”
১৪ সদস্যের এই নতুন পরিচালনা পর্ষদে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপ থেকে এসেছেন ৩ জন প্রতিনিধি। তারা হলেন— কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ এবং কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ।
পর্ষদে যুক্ত হওয়া অন্য পরিচালকরা হলেন:
ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বদিউর রহমান
জামায়াত নেতা এনায়েত উল্লা (যিনি সর্বশেষ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন)
সেলিম রহমান
আহামেদুল হক
রফিকুল ইসলাম
ইমাদুর রহমান
নাজমুল আহসান খালেদ
আনোয়ার হোসাইন
আবদুস সালাম
লিয়াকত আলী চৌধুরী
কেওয়াই স্টীল মিলের প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।
বহাল থাকছেন স্বতন্ত্র পরিচালকরাও, আসবে নতুন চেয়ারম্যান
আওয়ামী লীগ সরকারের পতনের পর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে খাজা শাহরিয়ারকে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। নতুন পর্ষদেও পূর্বের ৫ জন স্বতন্ত্র পরিচালক বহাল থাকছেন। খাজা শাহরিয়ার ছাড়াও অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেন— মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগের ৫ জন স্বতন্ত্র পরিচালক এবং নতুন ১৪ জন উদ্যোক্তা পরিচালকসহ মোট ১৯ জনের সমন্বয়ে গঠিত এই বৃহৎ পর্ষদ দ্রুতই বৈঠকে বসবেন এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে ব্যাংকের জন্য নতুন চেয়ারম্যান নির্বাচন করবেন।
ভার পুনরায় তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।”



