নিজস্ব প্রতিবেদক
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে এক ব্যতিক্রমী উদ্যোগ সম্পন্ন করেছে ঢাকা ইমপিরিয়াল কলেজ এলামনাই এসোসিয়েশন। গত ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে ‘শিশুর মুখে ঈদের খুশি’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে আফতাব নগরের বেদে পল্লির শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইমপিরিয়াল কলেজের সম্মানিত উপাধ্যক্ষ জনাব দেলোয়ার হোসেন মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোঃ মশিউর রহমান। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্য ও এলামনাইগণ এই আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা শিশুদের সাথে দীর্ঘ সময় অতিবাহিত করেন। শিশুদের সুখ-দুঃখ ও হাসি-আনন্দের নানা না বলা গল্প শোনার মধ্য দিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, নতুন জামা আর প্রিয়জনদের ভালোবাসা শিশুদের হৃদয়ে যে অগাধ স্বপ্ন আর নির্মল সুখের জন্ম দেয়, তা-ই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।
এলামনাই প্রেসিডেন্ট মোঃ মশিউর রহমান বলেন, “একটি শিশুর নির্মল হাসির মধ্যেই প্রকৃত সুখ লুকিয়ে থাকে। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের শিশুর কাছে পৌঁছায়, সেই ক্ষুদ্র প্রয়াস থেকেই আমাদের এই আয়োজন।”
কর্মসূচির শেষ পর্যায়ে আফতাব নগরের বেদে পল্লির শিশুদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয়। এসময় শিশুদের চোখে-মুখে অনাবিল আনন্দের প্রতিচ্ছবি ফুটে ওঠে।
সংগঠনের পক্ষ থেকে এই মহতী উদ্যোগে অর্থায়নকারী সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সফলভাবে কর্মসূচিটি সম্পন্ন করার জন্য একদল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক টিমকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



